সারা বাংলা
পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমন (ভটভটি) ধাক্কায় খাইরুল ইসলাম (৪০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কে বারঘাটী পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামের আমিনুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, খাইরুল ইসলাম সাইকেল চালিয়ে বারঘাটী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় করলার বস্তাবোঝাই একটি নসিমন দ্রুতগতিতে পেছন থেকে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নসিমনের চালক হাসিবুল গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে বারঘাটী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নসিমনটি জব্দ করেন। পরে নিহতের মরদেহ থানায় নেওয়া হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এসডব্লিউএন