সারা বাংলা
খুলনায় ভোরে যুবককে হত্যার পর রাতে নারীকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা

খুলনায় ভোরে এক যুবককে গুলি করে হত্যার পর এবার রাতে খুশি (সুমন সরদারের স্ত্রী) নামের এক নারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৭টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৭টার দিকে লবণচরা থানার জিন্নাপাড়ার বউবাজার এলাকায় অবস্থান করছিলেন খুশি। এ সময় দুর্বৃত্তরা তার কাছে এসে মাথায় গুলি করে পালিয়ে যায়।
খুশি মাটিতে লুটিয়ে পড়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
ওসি আরও জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
ডিবিসি/এসডব্লিউএন