সারা বাংলা
মানিকগঞ্জে ১৯ লাখ ৫০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় এক কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন পুলিশ সদস্যরা। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ বিতরণ করা হয় একজন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে।
মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ শিকারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
চলতি বছর ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে।
ডিবিসি/এসডব্লিউএন