ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঋণ শোধের টাকা জোগাড়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, ঈশ্বরগঞ্জে যুবক গ্রেপ্তার

ঋণ শোধের টাকা জোগাড়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, ঈশ্বরগঞ্জে যুবক গ্রেপ্তার

সারা বাংলা

ঋণ শোধের টাকা জোগাড়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, ঈশ্বরগঞ্জে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঋণের টাকা পরিশোধের জন্য ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে ব্যর্থ হওয়ার পর চুরির পরিকল্পনা করেন কাওসার আহমেদ (২৫) নামে এক যুবক। পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে ব্যাংকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে নৈশপ্রহরীকে ছুরি দেখিয়ে রশি দিয়ে বেঁধে ব্যাংকের ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন। তবে নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন ও পুলিশের হাতে আটক হন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে এ ঘটনা ঘটে। আটক কাওসার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে। পেশায় তিনি একজন বৈদ্যুতিক মিস্ত্রি।

 

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে বিয়ে করেন কাওসার। ঋণের টাকা পরিশোধের চাপ থেকে তিনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেন। তবে ঋণ না পেয়ে চুরির পরিকল্পনা করেন বলে পুলিশের প্রাথমিক তথ্যে উঠে এসেছে।

 

বৃহস্পতিবার ভোরে ব্যাংকের বাইরের শাটার ও ভেতরের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢোকেন কাওসার। পরে একটি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দায়িত্বে থাকা নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগরকে ছুরি দেখিয়ে টাকা কোথায় রাখা আছে, তা জানতে চান। এরপর তাকে রশি দিয়ে বেঁধে ব্যাংকের ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন।

 

নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগর জানান, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। কাওসার তাঁকে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে টাকার অবস্থান জানতে চান। তথ্য দিতে না পারায় তাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। একপর্যায়ে হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় নিজেকে মুক্ত করে নিচে নেমে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন ছুটে এসে কাওসারকে আটক করেন।

 

ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, নৈশপ্রহরীর বুদ্ধিমত্তার কারণে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি এবং ভল্টের কোনো ক্ষতি হয়নি। তিনি আরও জানান, কাওসার কখনো ঋণের জন্য তাদের ব্যাংকে আসেননি।

 

এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হক বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, কাওসার পুলিশের কাছে প্রায় দুই লাখ টাকা ঋণ থাকার কথা জানিয়েছেন। বিয়ের সময় তিনি ঋণ করেছিলেন বলে জানান। কৃষি ব্যাংক থেকে ঋণ নিতে না পেরে চুরির পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। চুরির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে কাওসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন