আন্তর্জাতিক
ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগলের সিইওকে ট্রাম্পের ফোন

আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা করতে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে কল করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাউথ ক্যারোলাইনায় আয়োজিত এক সমাবেশে তিনি এই দাবি করেন।
এর আগে মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন ট্রাম্প। ওই সমাবেশে বিষয়টি টেনে তিনি বলেন, ‘আমাদের একটি হ্রদ এবং একটি উপসাগর আছে, এখন আমাদের একটি নদী এবং একটি মহাসাগর দরকার।’ আগের নাম পরিবর্তনের সময় ‘গুগল ম্যাপস দারুণ কাজ করেছিল’ উল্লেখ করে ট্রাম্প জানান, আটলান্টিকের নাম পরিবর্তনের বিষয়টি তারা সামলাতে পারবে কি না, তা জানতে তিনি পিচাইকে কল করেন।
ট্রাম্পের দাবি, এই প্রস্তাবে রাজি হননি গুগল প্রধান। জবাবে পিচাই তাকে বলেন, ‘দয়া করে আমাদের এটা করতে বলবেন না।’ পিচাই আরও বলেন, ‘না, না, না। এবার আমি এটা করছি না।’ মহাসাগরগুলো ‘অনেকগুলো দেশের’ সীমান্তে অবস্থিত হওয়ায় এগুলো ‘আলাদা, স্যার’ বলেও মন্তব্য করেন পিচাই।
পিচাইয়ের সাথে কথা বলার পর ট্রাম্প জানান, তিনি সম্ভবত আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। তবে এর বদলে প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করে ‘দ্য আমেরিকান ওশান’ বা আমেরিকান মহাসাগর রাখার কথা ভেবেছেন তিনি।
গুগল এই ফোনালাপের বিষয়টি এখনও নিশ্চিত করেনি বা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও করেনি। তবে গুগল ও অন্যান্য অনলাইন ম্যাপ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এর আগে মার্কিন ব্যবহারকারীদের জন্য ট্রাম্পের করা নাম পরিবর্তনগুলো মেনে নিয়েছিল।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
ডিবিসি/ এসভিএন