বাংলাদেশ, সারা বাংলা
চাঁদপুরে শখের বসে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি
.webp)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়িতে কাঠের বাক্সে পোষা বিষধর সাপকে খাবার দিতে গিয়ে কামড়ে অসুস্থ হয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুইয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
শখের পোষা সাপই এখন জীবন কেড়ে নিতে বসেছে। ৩ মাস ধরে পরম যত্নে বিষধর গোখরা পুষছিলেন চাঁদপুরের ৪৫ বছর বয়সী কাঠমিস্ত্রি ইকবাল হোসেন। মাছ ও ব্যাঙ দিয়ে সাপটিকে নিয়মিত খাওয়াতেন, বানিয়েছিলেন আলাদা কাঠের বাক্সও। কিন্তু সেই শখের গোখরার ছোবলেই এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
মাছ ধরার জালে আটকে থাকা গোখরাটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলেন ইকবাল। পরিবারের নিষেধ ও স্বজনদের সতর্কতা সত্ত্বেও সাপ পোষার শখ থেকে তাকে ফেরানো যায়নি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খাবার দিতে গেলে বিপত্তি ঘটে। কাঠের বাক্স খুলতেই গোখরাটি তাকে ছোবল মারে। অসুস্থ হয়ে পড়া ইকবালকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, সাপটি বাড়িতে আনার পর থেকেই তিনি স্বামীকে বারবার নিষেধ করেছিলেন। কিন্তু তার কথা শোনেননি ইকবাল। স্থানীয়রাও বিষধর সাপটি না পুষতে সতর্ক করেছিলেন। সাপের কামড়ে গুরুতর অসুস্থ হওয়ার পর স্থানীয়দের সহযোগিতাতেই তাকে হাসপাতালে নেয়া হয়। পরে গোখরাটিকে মেরে ফেলা হয়েছে বলে জানান তার স্ত্রী।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মো. সাবিন ইশতিয়াক জানান, ইকবাল এখনো বিপদমুক্ত নন। চিকিৎসকদের মতে, বিষধর সাপে কামড়ানোর পর প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। ঝাড়ফুঁক বা ওঝার কাছে সময় নষ্ট না করে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেয়া উচিত। শখের বশে বন্য বিষধর সাপ পোষা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, ইকবালের ঘটনা তারই নির্মম উদাহরণ।
ডিবিসি/ এসভিএন