আন্তর্জাতিক
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৬, ধসে পড়েছে প্রায় ৩৩৯টি বাড়ি

তিব্বতের পাহাড়ি অঞ্চলে ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নাগকু অঞ্চলের বাকেন কাউন্টিতে এই ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের কারণে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। পাহাড় থেকে পাথর ধসে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দুর্গত উঁচুতলার এলাকাগুলোতে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করে সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে। মূল কেন্দ্র ছাড়াও তিব্বতের কামদো এবং নিংচি শহরে ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়।
রাজধানী লাসা থেকে ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই অঞ্চলটি বরাবরই বেশ ভূমিকম্পপ্রবণ। এর আগে ২০২৩ সালে চীনের গানসু প্রদেশে ৬.২ মাত্রার এক ভূমিকম্পে ১২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া মাত্র দুই মাস আগেই হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে তিব্বত এবং নেপালে অন্তত ১৪০০ মানুষ প্রাণ হারান, যে ঘটনায় এখনও নিখোঁজ আছেন শত শত মানুষ।
চীন নিয়ন্ত্রিত তিব্বতে বিদেশি সংবাদমাধ্যমের প্রবেশে বেশ কড়াকড়ি রয়েছে। তথ্য প্রবাহ নিয়ন্ত্রিত থাকায় এ ধরনের দুর্যোগের ক্ষেত্রে বিস্তারিত খবরের জন্য মূলত চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ওপরই নির্ভর করতে হয়।
সূত্র: বিবিসি
ডিবিসি/ এসভিএন