খেলাধুলা, ফুটবল
আরও একটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র

কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজনের পর এবার নতুন আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক হচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ২০২৮ ফিফা নারী ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবে দেশটির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ফিফার তথ্য অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। তবে কোন কোন শহরে ম্যাচগুলো হবে, তা এখনো জানানো হয়নি। এরপর প্রতি চার বছর অন্তর আয়োজন করা হবে নারী ক্লাব বিশ্বকাপ।
ইতোমধ্যে প্রথম আসরে জায়গা নিশ্চিত করেছে সাতটি ক্লাব। দলগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।
এর আগে ২০২৫ সালে সম্প্রসারিত ফরম্যাটের পুরুষ ক্লাব বিশ্বকাপও আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। ফিফা জানিয়েছে, ওই প্রতিযোগিতা ও ২০২৬ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা বিবেচনায় দেশটিকে নারী ক্লাব বিশ্বকাপের স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ফিফার নারী ফুটবলবিষয়ক প্রধান সারাই বারেম্যানের মতে, বড় টুর্নামেন্ট আয়োজনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দক্ষতা, নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো দেশটিকে এই প্রতিযোগিতার জন্য উপযুক্ত আয়োজক করে তুলেছে।
ডিবিসি/ আরএফই