আন্তর্জাতিক
জাপানে বিমানের ভেতর সাপ, বাতিল করা হলো ফ্লাইট

জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর জীবন্ত সাপ পাওয়ায় একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
জাপান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার (জেএসি) মঙ্গলবার জানায়, সোমবার ফুকুওকা বিমানবন্দরে দুপুর ১টার দিকে উড়োজাহাজটির কার্পেটের নিচে প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দেখতে পান এক মেকানিক। পরে একজন বিশেষজ্ঞ নিশ্চিত করেন যে এটি বিষহীন একটি ছোট জাপানি সাপ। এরপর সাপটিকে ধরে ফেলা হয়।
উড়োজাহাজটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় এসেছিল। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে ফুকুওকা থেকে কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। কিন্তু উড্ডয়নের প্রস্তুতির সময় সাপটি চোখে পড়ায় জেএসি কর্তৃপক্ষ ফ্লাইটটি বাতিল করে।
উড়োজাহাজের ভেতর সাপটি কীভাবে ঢুকল, তা এখনো জানা যায়নি। এয়ারলাইনটি জানিয়েছে, এ ধরনের ঘটনা তাদের অভিজ্ঞতায় এটাই প্রথম।
সূত্র: জাপান টুডে
ডিবিসি/ এসভিএন