আন্তর্জাতিক
তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চাম্পি, পূর্ব এশিয়ায় শত শত ফ্লাইট বাতিল

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ তাইওয়ানের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি। এর প্রভাবে ইতোমধ্যে দুই শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। যুক্তরাষ্ট্র ও জাপানের একটি বড় সামরিক মহড়ার পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষের (সিডব্লিউএ) বরাতে বলা হয়েছে, ‘চাম্পি’ ইতোমধ্যে সুপার টাইফুনে পরিণত হয়েছে। এটি চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঝড়টির তীব্রতা কিছুটা কমলেও কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি ছিল। একই সঙ্গে এর ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটার হওয়ায় তাইওয়ানের বড় একটি অংশে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সিডব্লিউএর দেওয়া তথ্য অনুযায়ী, ওই সময় ‘চাম্পি’ তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে মোড় নিতে পারে। পরে এটি দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/ আরএফই