আন্তর্জাতিক
নিরাপত্তা ঝুঁকিতে সৌদি আরবে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ ইতালির

নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতির কথা উল্লেখ করে নাগরিকদের সৌদি আরবে ‘সব ধরনের ভ্রমণ’ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইতালি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশে প্রতিহত করার পরপরই এই সতর্কতা জারি করা হলো।
গত ২২ অক্টোবর জারি করা এক হালনাগাদ সতর্কবার্তায় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের নাগরিকদের ‘রাজ্যে সমস্ত ভ্রমণ স্থগিত করতে’ এবং ‘সৌদি ভূখণ্ডের বিমানবন্দর ব্যবহার এড়িয়ে চলতে’ আহ্বান জানিয়েছে। এর বিকল্প হিসেবে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের ভেতরে বা সীমান্ত পেরিয়ে জরুরি যাতায়াতের জন্য বিমানের বদলে অন্য কোনো পরিবহন ব্যবহারের কথা বলা হয়েছে।
যেসব ইতালীয় নাগরিক আগে থেকেই সৌদি আরবে অবস্থান করছেন, তাদের ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বন’ করতে বলা হয়েছে। বিশেষ করে জরুরি অবস্থার সময় স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা এবং ‘নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার’ নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি ও পরিবহন অবকাঠামো কিংবা সামরিক কার্যক্রম চলছে এমন কোনো জায়গার কাছে যেতেও তাদের নিষেধ করা হয়েছে।
সতর্কবার্তায় ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাজান, নাজরান ও আসিরে ভ্রমণকে ‘কঠোরভাবে নিরুৎসাহিত’ করা হয়েছে। এদিকে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের বিষয়টি নিশ্চিত করে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের দিকে আসা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ধ্বংস করেছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/ এসভিএন