বাংলাদেশ, সারা বাংলা
মাগুরায় দশমীর রাতে মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ২ যুবকের মৃত্যু

মাগুরার শ্রীপুরে বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ২ যুবক হলেন শ্রীপুর উপজেলার দমখোলা গ্রামের আলমগীর লস্কর এবং মালদা গ্রামের বিধান বিশ্বাস।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির থেকে তারা মদপান করেন। এরপর দুজনই অসুস্থ হয়ে পড়লে তাদের বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে অবস্থানকালে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তাদের মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসভিএন