আন্তর্জাতিক, ভারত
সৌদিতে হুথিদের হামলার জের: আটকা পড়েছেন কয়েক হাজার ভারতীয় ওমরাহ যাত্রী

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবে আটকে পড়েছেন কয়েক হাজার ভারতীয় ওমরাহ যাত্রী। উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া এসব যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দার কনস্যুলেট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে সমন্বয় করে তাদের ফেরানোর ব্যবস্থা করছে।
মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, গত এক সপ্তাহে ৩ হাজার আটকে পড়া ওমরাহ যাত্রী বিভিন্ন ফ্লাইটে ভারতে ফিরেছেন। এর পাশাপাশি নির্ধারিত ফ্লাইটে ফিরেছেন আরও ১০ হাজারেরও বেশি যাত্রী। আটকে পড়াদের বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, ‘যত দ্রুত সম্ভব আটকে পড়া বাকি ওমরাহ যাত্রীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।’ এর আগে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছিলেন, ভারতীয় বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করায় মক্কা ও মদিনায় প্রায় ৪ হাজার ভারতীয় তীর্থযাত্রী আটকা পড়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। হুথিরা সৌদি আরবের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরে হামলা চালালে চরম বিপাকে পড়েন সেখানে থাকা ভারতীয়রা। গত বুধবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। এছাড়া শাইবাহ তেলক্ষেত্রে চালানো অপর এক হামলায় আহত হয়েছেন আরও এক ভারতীয়।
সূত্র: ডয়চে ভেলে
ডিবিসি/এসভিএন