ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

ইউরোপের ৩ দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপের ৩ দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি

বাংলাদেশ

ইউরোপের ৩ দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে অক্টোবর ২০২৬ ০৫:২৬:৪২ অপরাহ্ন

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন রয়েছেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় এসব বাংলাদেশিকে জরুরি ও আর্থিক সহায়তা এবং কাউন্সেলিং দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত 'প্রত্যাশা-২' প্রকল্পের আওতায় তাদের এই সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করারও উদ্যোগ নেওয়া হবে। গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যাই বেশি।

 

ইউরোপে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ২০১৭ সালে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস' (এসওপি) চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় ৫ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।

 

ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ যাত্রার বিষয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির কাজ চলছে বলে জানান শরিফুল হাসান। পাশাপাশি ইউরোপ বর্তমানে বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ারও উদ্যোগ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন