সারা বাংলা
হবিগঞ্জ থেকে পালিয়ে রূপগঞ্জে অপহৃত প্রেমিক যুগল, চার অপহরণকারী গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ থেকে পালিয়ে এসে গত বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এলাকা থেকে অপহরণের শিকার হয়েছিলেন প্রেমিক যুগল কিশোর-কিশোরী। অপহরণকারীরা তাদের একটি বাসায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্মমভাবে নির্যাতন করে। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার সকালে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ওই দুজনকে উদ্ধার করে। এ সময় আটক করা হয় অপহরণকারী চক্রের চার সদস্যকে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লতুয়াপাড়া থেকে গাড়িতে করে বাচ্চু মিয়ার ছেলে সহিদ ও তার দূরসম্পর্কের বোনের মেয়ে রুমিনা গাড়িতে চড়ে রূপগঞ্জে পালিয়ে আসে। ভোর সাড়ে ৪টার দিকে তারা গাড়ি থেকে নামার পর অটোরিকশার সন্ধানের সময় ৭-৮ জন মিলে তাদের দুজনকে পৃথক দুটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে তারা মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়িতে ওই দুজনকে আটকে রেখে নির্মম নির্যাতন চালায় এবং বাচ্চু মিয়ার মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি তাৎক্ষণিক কিছু টাকা বিকাশে পরিশোধের পর বাকি টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ওই দুজনকে নির্যাতন না করার অনুরোধ করেন।
পরে বিষয়টি তিনি রূপগঞ্জ থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় চক্রের সদস্য রায়হান, টিপু, রাহাত মোড়ল ও ফেরদৌস হাওলাদারকে আটক করা হয়। বাসাটি তল্লাশি করে জব্দ করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাচ্চু মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপহরণের মামলা দায়ের করেছেন।
ডিবিসি/এসডব্লিউএন