সারা বাংলা
পিরোজপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. করিম শিকদারের (৫৫) বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
অভিযুক্ত করিম শিকদার উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী এলাকার মৃত মোকলেস উদ্দিন শিকদারের ছেলে।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে ছয় বছর বয়সী শিশুটি তার বাবার সাথে বাড়ির পাশে নদীর ঘাটে নৌকা মেরামতের কাজ দেখতে যায়। একপর্যায়ে শিশুটিকে ঘাটে বসিয়ে রেখে তার বাবা প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়িতে যান। অভিযোগ উঠে, শিশুটিকে একা পেয়ে করিম শিকদার তার মুখ চেপে ধরে কাছের একটি ধৈঞ্চা বনে নিয়ে জোরপূর্বক নির্যাতন চালান।
পরবর্তীতে শিশুটির বাবা ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে সন্ধান শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ধৈঞ্চা বন থেকে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে আঘাত ও কামড়ের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা।
উদ্ধারের পর শিশুটিকে প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার প্রাথমিক পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে চিকিৎসা শেষ করে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা পিরোজপুর ভাণ্ডারিয়া থানায় উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামি করিম শিকদারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/এমএনকে