সারা বাংলা
কিট না পেয়ে ভোগান্তিতে কুয়াকাটা বিচ ম্যারাথনের নিবন্ধিত অ্যাথলেটরা

পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘ নয় বছর পর শুরু হওয়া দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল ঘিরে নানা আয়োজনের মধ্যেই বিচ ম্যারাথনের কিট না পেয়ে ভোগান্তিতে পড়েছেন নিবন্ধিত অংশগ্রহণকারীরা।
কার্নিভালের দ্বিতীয় দিনে ৬ কিলোমিটার বিচ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অনেকেই জনপ্রতি ৫০০ টাকা দিয়ে অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, নিবন্ধন ফি’র মধ্যে অংশগ্রহণকারীদের কিটসহ জার্সি, ফিনিশার মেডেল/স্টিকার, ড্রাই ফুড, নিউট্রিশন কিট ও পানি দেওয়ার কথা রয়েছে।
নিবন্ধিতদের অভিযোগ, শুক্রবার বিকেল ৪টায় নির্ধারিত স্টল থেকে ম্যারাথনের কিট সংগ্রহের কথা থাকলেও নির্ধারিত সময়ে কিট দেওয়া হয়নি। পরে সন্ধ্যা ৬টার সময় কিট দেওয়ার কথা জানানো হলেও তখনও তথ্য বুথে কিট নিয়ে কোনো কার্যক্রম দেখা যায়নি বলে অভিযোগ তাঁদের।
এদিকে কিট সংগ্রহের জন্য এসে নির্ধারিত তথ্য বুথ বন্ধ পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দূর-দূরান্ত থেকে কুয়াকাটায় এসে নিবন্ধন করেও কিট না পাওয়ায় আগামী দিনের ম্যারাথনে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তাদের মধ্যে।
সরকারি সূচি অনুযায়ী, শনিবার ২৪ অক্টোবর ভোর ৫টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে গঙ্গামতির চর পর্যন্ত ৬ কিলোমিটার বিচ ম্যারাথন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দীর্ঘ নয় বছর পর আয়োজিত এবারের কুয়াকাটা পর্যটন কার্নিভালে বিচ ফুটবল, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিচ ম্যারাথনসহ নানা আয়োজন রাখা হয়েছে।
তবে কার্নিভালের অন্যতম আকর্ষণ বিচ ম্যারাথন শুরুর আগেই কিট বিতরণ নিয়ে তৈরি হওয়া এই ভোগান্তির বিষয়ে নিবন্ধিত অংশগ্রহণকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন