আন্তর্জাতিক, অন্যান্য
ফিলিস্তিনিদের গুলিতে ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে ইসরায়েলি সামরিক চেকপোস্টে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পাল্টা গুলিতে নিহত হয়েছেন দুই ফিলিস্তিনিও।
শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে হেবরন শহরের প্রবেশপথের কাছে এ ঘটনা ঘটে। প্রায় ২০ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসরায়েলি বাহিনী।
নিহত ইসরায়েলি সেনারা হলেন স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান (২৩) ও সার্জেন্ট ইউভাল শাই স্ভিলেম (২০)। তারা দুজনই ইসরায়েলি সেনাবাহিনীর ৭৭৫তম ‘আরি’ ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, নিহত দুই ফিলিস্তিনি হলেন হেবরনের বাসিন্দা মোহাম্মদ জাবা ও ফিরাস জাবা। তাদের উভয়ের বয়স ২৭ বছর।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বন্দুকধারীরা মূলত ৩৫ নম্বর মহাসড়কে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিলেন। সেখানে পৌঁছাতে না পেরে তারা সামরিক চেকপোস্টে গুলি চালান।
ঘটনার পর হেবরনসহ আশপাশের ফিলিস্তিনি এলাকায় কঠোর অবরোধ আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে নিহত বন্দুকধারীদের বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং সেগুলো ভেঙে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, হামলাকারীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনে পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতির নির্দেশও দিয়েছেন তিনি।
এদিকে হামাস এ হামলার প্রশংসা করলেও সরাসরি দায় স্বীকার করেনি। হামলাকারীরা কোনো সংগঠনের নির্দেশনায় কাজ করেছিলেন কি না, তা তদন্ত করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এসএফএল