ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের এসবিআই ব্যাংকে সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

ভারতের এসবিআই ব্যাংকে সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

আন্তর্জাতিক, ভারত

ভারতের এসবিআই ব্যাংকে সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে অক্টোবর ২০২৬ ১০:১৫:৪০ অপরাহ্ন

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) প্রায় চার হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) শেয়ারবাজার কর্তৃপক্ষের কাছে দেওয়া এক বিবৃতিতে এসবিআই জানায়, ডার্ক ওয়েবে পাওয়া প্রায় ৩ লাখ ৭৫ হাজার তথ্যের রেকর্ড প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য শনাক্ত হয়েছে।


প্রকাশিত তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, লিঙ্গ, নিবন্ধিত মোবাইল নম্বর, জন্মতারিখ, ই-মেইল ও বাসার ঠিকানা। এ ছাড়া ব্যাংকের শাখাসংক্রান্ত পরিচিতি নম্বর এবং ঋণের আবেদনসংক্রান্ত কিছু তথ্যও রয়েছে।


ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ অক্টোবর ভারতের প্রতিরক্ষা সাইবার সংস্থা, কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) এবং একটি সাইবার হুমকি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয়টি জানতে পারে তারা। এরপর দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।


এসবিআইয়ের দাবি, এ ঘটনায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, আর্থিক কর্মকাণ্ড কিংবা গ্রাহকসেবায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। তবে ফাঁস হওয়া তথ্যের সত্যতা, উৎস ও পরিধি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রতারকেরা ব্যাংক কর্মকর্তার পরিচয়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাই অপরিচিত কাউকে ওটিপি, পিন বা পাসওয়ার্ড না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


একই সঙ্গে সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ, অচেনা লিংকে প্রবেশ না করা এবং প্রয়োজনে ব্যাংকের আনুষ্ঠানিক মাধ্যমে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। তবে তথ্য ফাঁসের অর্থ গ্রাহকদের ব্যাংক হিসাব হ্যাক হয়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন