আন্তর্জাতিক
ব্রাজিলে বাবার কবরের কাঠামো ভেঙে নিচে পড়ে যুবকের মৃত্যু

ব্রাজিলে এক মর্মান্তিক ও অদ্ভুত দুর্ঘটনায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাবার কবরের ওপরের পাথরের স্লাবে বসার পর তা ভেঙে ভেতরে পড়ে গিয়ে এই করুণ পরিণতি হয় তার।
জানা গেছে, আগের দিন সড়ক দুর্ঘটনায় নিহত এক বন্ধুর শেষকৃত্যে যোগ দিতে ব্রাজিলের এস্পিরিতো সানতো রাজ্যের লিনহারেস শহরের ‘সাও জোসে মিউনিসিপ্যাল কবরস্থানে’ গিয়েছিলেন ওই ব্যক্তি। দাফন শুরুর আগে একই কবরস্থানে থাকা নিজের বাবার কবর দেখার সিদ্ধান্ত নেন তিনি।
বাবার কবরের ওপরের পাথরের স্লাবে বসামাত্রই তার ওজনের চাপে পুরো কাঠামোটি ভেঙে পড়ে এবং তিনি সরাসরি নিচে থাকা সমাধি কক্ষে পড়ে যান। বিকট শব্দ শুনে কবরস্থানে থাকা অন্য দর্শনার্থীরা ছুটে এসে উদ্ধারচেষ্টা চালান এবং অ্যাম্বুলেন্সে খবর দেন। তবে চিকিৎসক পৌঁছানোর আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মেট্রো’র প্রতিবেদনে বলা হয়, গত ২১ অক্টোবর (বুধবার) ঘটনাটি ঘটে। কবরস্থানের কর্মী নাজারে ব্রাভিন জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেলে করে এসে প্রথমে তাঁর বন্ধুর দাফনের স্থান সম্পর্কে খোঁজ নেন। এরপর গাড়িটি পার্ক করে বাবার কবরের দিকে যান, যেখানেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনার পর লিনহারেস সিটি কাউন্সিল গভীর দুঃখ প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি সামনে ‘অল সোলস ডে’ উপলক্ষে কবরস্থানে দর্শনার্থীদের ভিড় বাড়ার সম্ভাবনা থাকায় সবাইকে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সিটি কাউন্সিল স্পষ্ট করেছে যে, তারা কবরস্থানের সাধারণ এলাকার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকলেও ব্যক্তিগত কবরের দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট পরিবারের।
ডিবিসি/এসডব্লিউএন