সারা বাংলা
গাইবান্ধায় মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধায় মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছেন খোরশেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ। আগুন থেকে নিজের গরু-ছাগল বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ হারান তিনি। এ ঘটনায় পুড়ে মারা গেছে তিনটি গরু ও ছয়টি ছাগল। এ ছাড়া দগ্ধ হয়েছে আরও তিনটি গরু ও চারটি ছাগল। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চর হলদিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলী হলদিয়া ইউনিয়নের চর হলদিয়া গ্রামের মৃত আব্দুল গফুর আলীর ছেলে। কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করেই চলত তার সংসার। বাড়িতে ছয়টি গরু ও ১০টি ছাগল ছিল তার। গোখাদ্যের সংকট ও খড়ের বাড়তি দামের কারণে বছরের এই সময়ে ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চর হলদিয়ায় গবাদিপশু নিয়ে থাকতেন তিনি। সেখানে একটি খুপরিঘর তৈরি করে পশু পালন করতেন। আর নদীর পশ্চিম পাশে থাকত তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গরু-ছাগল নিয়ে খুপরিঘরে ঘুমিয়ে পড়েন খোরশেদ আলী। ঘুমানোর আগে ঘরে মশার কয়েল জ্বালিয়ে রেখেছিলেন তিনি। দিবাগত রাত দেড়টার দিকে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনের তাপে ঘুম ভাঙলে গবাদিপশুগুলোকে বাঁচাতে চেষ্টা করেন তিনি। একপর্যায়ে আগুনে দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আগুনে পুরো খুপরিঘর পুড়ে ছাই হয়ে যায়।
পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভান। সেখান থেকে খোরশেদ আলীর মরদেহ উদ্ধার করা হয়। আগুনে তিনটি গরু ও ছয়টি ছাগল মারা যায়। বাকি গবাদিপশুগুলোর মধ্যে তিনটি গরু ও চারটি ছাগল দগ্ধ হয়।
শুক্রবার দেখা যায়, পুড়ে যাওয়া খুপরিঘরের ভেতরে গরু-ছাগলের দেহ পড়ে আছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খোরশেদ আলীর ব্যবহারের পোশাক। বিস্তীর্ণ চরাঞ্চলে তাঁর ঘরটি ছাড়া আশপাশের প্রায় ৫০০ মিটারের মধ্যে আর কোনো বসতঘর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন।
নিহতের ছেলে শাহ আলম বলেন, বাবা গরু-ছাগল নিয়ে নদীর ওপারের চরে থাকতেন। সারা দিন গরু চরাতেন। আমরা এপারে থাকি। রাত ৩টার দিকে চাচা আব্দুর রাজ্জাক ফোন করে বাবার মৃত্যুর খবর জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। খোরশেদ আলী গবাদিপশুর সঙ্গে একই ঘরে থাকতেন। ঘটনাটি খুবই মর্মান্তিক।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর খোঁজ নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।
ডিবিসি/এসডব্লিউএন