সারা বাংলা
পটুয়াখালীতে জেলেদের হামলায় পুলিশ সদস্যসহ আহত ২

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে অসাধু জেলেদের হামলার শিকার হয়েছেন পুলিশ ও মৎস্য বিভাগের সদস্য দল। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীর কালিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে গলাচিপা থানার পুলিশ কনস্টেবল মো. জসিম এবং অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক মো. শাহজালাল আহত হয়েছেন।
স্থানীয় ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেলে যৌথ অভিযানে নামে মৎস্য বিভাগ ও পুলিশ। স্পিডবোট নিয়ে নদী পাহারা দেওয়ার সময় মাছ শিকাররত একটি ট্রলারকে প্রায় ১০ মিনিট ধাওয়া করে অভিযানকারী দল। ট্রলারের কাছাকাছি পৌঁছামাত্র ১০ থেকে ১২ জনের একদল অসাধু জেলে বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
জেলেরা প্রথমে স্পিডবোট চালক শাহজালালকে বৈঠা দিয়ে আঘাত করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে পুলিশ কনস্টেবল জসিমও হামলার শিকার হন। হামলায় তাঁর হাত কেটে রক্তাক্ত জখম হয়। পরে আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলাকারীরা দ্রুতগতির ডাবল ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা ও হামলার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সরকারি দায়িত্বে থাকা সদস্যদের ওপর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এমএনকে