খেলাধুলা, ফুটবল
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা বার্সেলোনার

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার ২০২৬’ অর্জন করে ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে স্পেনের রাজকন্যা লিওনরের হাত থেকে ৩৯ বছর বয়সী এই ফুটবলার এই স্মারক গ্রহণ করেন।
পুরস্কার প্রাপ্তির এই ঐতিহাসিক মুহূর্তে অতীতে অশ্রুসিক্ত নয়নে ক্লাব ছাড়ার সমস্ত তিক্ততা ভুলে মেসিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিশেষ বিবৃতি প্রকাশ করেছে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মেসির অসাধারণ প্রতিভা, খেলাধুলার প্রতি অঙ্গীকার এবং মানবিক সংহতি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছে।
বার্সেলোনা তাদের অফিসিয়াল বার্তায় মেসির সঙ্গে দীর্ঘ দুই দশকের সোনালী ইতিহাস স্মরণ করে উল্লেখ করে যে, অত্যন্ত সফল এই ক্যারিয়ারে এফসি বার্সেলোনা তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। ক্লাবটির এই উত্তরাধিকার এবং সম্পৃক্ততা সবসময় তাঁদের জন্য গর্বের উৎস হিসেবে কাজ করবে বলে জানিয়েছে কাতালান ক্লাবটি।
উল্লেখ্য, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সার ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দেওয়া মেসি ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে রেকর্ড ৬৭২ গোল করেন এবং বহু শিরোপা জেতেন। পরবর্তীতে ২০২১ সালে আর্থিক সংকটের কারণে বার্সা ছাড়লেও বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন এবং সাম্প্রতিক কিছু বিতর্ক ও পিটিশন উপেক্ষা করেই তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হলো।
ডিবিসি/এফএইচআর