ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি, সারা বাংলা

গদি চিরস্থায়ী নয়: জামায়াত আমির

গদি চিরস্থায়ী নয়: জামায়াত আমির

রাজনীতি, সারা বাংলা

গদি চিরস্থায়ী নয়: জামায়াত আমির

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তারা সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চান।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউজে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, গদি কখনো চিরস্থায়ী হয় না। ক্ষমতা তাদের মূল লক্ষ্য নয়; দেশবাসীর ভালো থাকাই তাদের প্রধান লক্ষ্য।

 

তিনি স্পষ্ট করেন যে, সরকারের ভালো উদ্যোগকে তারা সমর্থন করবেন, তবে যেকোনো ভুল ও অনিয়মের সমালোচনা করতে পিছপা হবেন না। অতীতে সরকারি দলকে অন্ধ সমর্থন বা সংসদে অস্থিতিশীলতা তৈরির যে সংস্কৃতি ছিল, তা পরিহার করে একটি ইতিবাচক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার ওপর তিনি জোর দেন।

 

সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। 

 

প্রশাসনের দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করে তিনি বলেন, অপরাধে জড়িতদের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। নীতির প্রশ্নে কাউকে ছাড় না দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, অপরাধের দায়ে নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কার করতে তারা ২৪ ঘণ্টাও সময় নেননি। এছাড়া গণমাধ্যমকে অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে আরও বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের অবহেলার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান জানান, সৌদি আরবের কারাগারে প্রায় সাত হাজার প্রবাসী বন্দী রয়েছেন, যাদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের তৎপর হওয়া প্রয়োজন। 

 

দেশে বহুদলীয় সম্প্রীতি ও রাজনৈতিক সহমর্মিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ক্ষমতা নয়, দেশবাসীর কল্যাণই তাদের মূল লক্ষ্য। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন