সারা বাংলা
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায়কারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম আবু হুরায়রা ওরফে খালিদ ওরফে রাশেদ (৩০)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার শরিফুল হক।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত রাশেদ দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে আসছিল। সে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিত। এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে ও তার সহযোগী চক্র সরকারি সুযোগ-সুবিধা প্রদান এবং রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করত।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ১৯ অক্টোবর সে একই পরিচয় ব্যবহার করে বিএনপি দলীয় পদে পদায়নের ফরম পূরণের কথা বলে অর্থ দাবি করে বার্তা পাঠায়। বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে সিংড়া থানার বালুয়া বাসয়া গ্রাম থেকে জিয়াদুল ইসলামের ছেলে রাশেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাশেদ ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার নাটোরে সহকারী রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/ এমকেএ