সারা বাংলা
চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ৫০ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ আহরণের দায়ে গত ২৪ ঘণ্টার পৃথক অভিযানে ৫০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৭টি মামলা দায়েরের পাশাপাশি প্রায় ৫০ কেজি ইলিশ মাছ ও ৪টি নৌকা জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর নৌ-পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশের টিম অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
আটককৃতদের মধ্যে ১০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চাঁদপুর নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় চাঁদপুর সদর নৌ-থানা, মোহনপুর ও হরিণা পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের যৌথ অভিযানে এসব জেলেকে আটক ও মালামাল জব্দ করা হয়।
ডিবিসি/ এমকেএ