আন্তর্জাতিক, ভারত
বিমানের শৌচাগারের আয়নায় বোমার হুমকি, কলকাতায় তল্লাশিতে মেলেনি কিছুই

থাইল্যান্ডের ফুকেট থেকে কলকাতায় আসা একটি বিমানের শৌচাগারের আয়নায় বোমার হুমকি লেখা দেখে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার (২৪ অক্টোবর) কলকাতা বিমানবন্দরে অবতরণের পর লেখাটি কেবিন ক্রুদের নজরে আসে। এরপর বিমানটিকে আলাদা স্থানে সরিয়ে যাত্রীদের নিরাপদে নামানো হয়। নিরাপত্তা বাহিনীর দীর্ঘ তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শৌচাগারের আয়নায় ইংরেজিতে ‘Bomb inside aircraft’ লেখা ছিল, যার অর্থ ‘বিমানের ভেতরে বোমা আছে’। বিষয়টি দেখামাত্র কেবিন ক্রুরা পাইলট ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের জানান। খবর পেয়ে দ্রুত বিমানটিকে আইসোলেশন বে বা অন্য বিমান থেকে পৃথক স্থানে নিয়ে যাওয়া হয়।
যাত্রীদের নামিয়ে আনার পর তল্লাশি শুরু করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), বম্ব স্কোয়াড ও বিমানবন্দর পুলিশের যৌথ দল। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়েও হুমকির পক্ষে কোনো আলামত পায়নি তারা। বিমানের ভেতর থেকে সন্দেহজনক কোনো বস্তুও উদ্ধার হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ আয়নায় ওই বার্তা লিখেছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ জন্য বিমানের যাত্রী তালিকা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
এর আগের দিন শুক্রবারও কলকাতা বিমানবন্দরে বোমা রাখার হুমকি দেওয়া হয়। সেদিন ২৩ নম্বর গেটের কাছে নারীদের শৌচাগারে হুমকিসংবলিত একটি চিরকুট পাওয়া গিয়েছিল। পরপর দুই দিন এমন ঘটনায় বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবারের ঘটনায় তল্লাশিতে কিছু না মিললেও হুমকির উৎস শনাক্তের চেষ্টা চলছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডিবিসি/এসএফএল