সারা বাংলা
গাইবান্ধায় নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর নাজমুল হুদা নিয়ন (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল।
নিহত নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন নিয়ন। বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। পরদিন বৃহস্পতিবার দুপুরে স্ত্রী যুথি, নেহাল ও সীমান্তকে নিয়ে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে যান তিনি। এ সময় স্ত্রী নদীর পাড়ে ছিলেন। অন্য তিনজন গোসল করতে নদীতে নামেন। একপর্যায়ে নেহাল ও সীমান্ত তীরে ফিরে এলেও নিয়ন নিখোঁজ হন। এরপর থেকেই তার সন্ধানে নদীতে উদ্ধার অভিযান শুরু হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়। দুপুর ২টা ৪০ মিনিটে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ওই দিন সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার দিনভর অভিযান চালিয়েও নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার দুপুরে নিখোঁজ হওয়ার তৃতীয় দিনে ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার মিটার দূরে কাদামাটিতে চাপা পড়া অবস্থায় নিয়নের মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ডিবিসি/এসডব্লিউএন