ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় জাহাজডুবি, নিহত ১, নিখোঁজ ৩

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় জাহাজডুবি, নিহত ১, নিখোঁজ ৩

আন্তর্জাতিক, অন্যান্য

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় জাহাজডুবি, নিহত ১, নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কৃষ্ণসাগরে রোমানিয়ার উপকূলের কাছে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে একজন নাবিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। শুক্রবারের এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে রোমানিয়া। তবে ঘটনাটি নিয়ে রুশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

রোমানিয়ার নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, কোমোরোসের পতাকাবাহী ‘খোরিভ’ জাহাজটি কনস্টান্টা বন্দর থেকে ১৩ নটিক্যাল মাইল বা প্রায় ২৪ কিলোমিটার দূরে হামলার শিকার হয়। স্থানটি রোমানিয়ার জলসীমার ঠিক বাইরে। জাহাজে ইউক্রেন ও আজারবাইজানের মোট ১৩ জন নাবিক ছিলেন।


স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিপৎসংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনের মরদেহ পাওয়া গেছে। প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতায় নিখোঁজ তিনজনের সন্ধান ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে ডুবতে থাকা জাহাজটির উল্টে যাওয়া কাঠামোর সামান্য অংশ পানির ওপরে দেখা যায়।


জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, বুধবার তুরস্ক ছেড়ে রোমানিয়ার সুলিনা বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল খোরিভ। ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলোতে রুশ হামলার কারণে দানিয়ুব নদী ও রোমানিয়ার জলসীমা দেশটির রপ্তানির গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে।


গত দুই সপ্তাহে রোমানিয়া ও বুলগেরিয়ার উপকূলে অন্তত সাতটি পণ্যবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ৩০ জন নাবিক নিহত বা নিখোঁজ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় নজরদারি বাড়াতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন, রোমানিয়া ও বুলগেরিয়া। ন্যাটো অতিরিক্ত টহল বিমান, রাডার ও ড্রোন পাঠানোর ঘোষণা দিয়েছে। রোমানিয়া ও ইউরোপীয় কর্মকর্তারা সর্বশেষ হামলার নিন্দা জানিয়েছেন। এর আগে এ অঞ্চলে প্রাণঘাতী ড্রোন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন