ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নরসিংদীতে আবাসিক ভবনে দুর্ধর্ষ চুরির অভিযোগ

নরসিংদীতে আবাসিক ভবনে দুর্ধর্ষ চুরির অভিযোগ

সারা বাংলা

নরসিংদীতে আবাসিক ভবনে দুর্ধর্ষ চুরির অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার একটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গ্রামে দুর্গাপূজা উদযাপন শেষে গতকাল রাত ৮টায় ফ্ল্যাটে ফিরে দেখেন, দরজা ভেতর থেকে আটকানো আর বাইরে জানালার গ্রিল কাটা। পরে ওই গ্রিলের ভেতর দিয়ে ঢুকে ফ্ল্যাটের দরজা খুলে দেখা যায়, সবকিছু তছনছ হয়ে আছে, চুরি হয়ে গেছে সব স্বর্ণালংকার ও নগদ টাকা।

গতকাল শুক্রবার রাতে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পাঁচ বছর ধরে এ ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন সুখন চৌধুরী (৫১)। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে রং মাস্টারের কাজ করেন। নেত্রকোনার বারহাট্টা থানার গুহিয়ালা গ্রামের মতীন্দ্র চৌধুরীর ছেলে তিনি।

 

ভুক্তভোগী ওই পরিবারের দাবি, পুরো বাসা তছনছ করে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় গতকাল রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুখন চৌধুরী।

 

ভুক্তভোগী সুখন চৌধুরী এবং তার স্ত্রী পূরবী পণ্ডিত জানান, স্বজনদের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে গত রোববার দুপুরে বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টার গুহিয়ালায় গিয়েছিলেন তারা। পূজা উদযাপন শেষে গতকাল রাত ৮টার দিকে তারা নরসিংদীর বাসায় ফেরেন। বাসায় পৌঁছানোর পর তারা দরজা খুলতে পারছিলেন না। তালা কাটার পরও ওই দরজা খুলতে না পারায় তাদের সন্দেহ হয়। বাসাটির পেছনের দিকে গিয়ে সুখন চৌধুরী দেখেন, জানালার গ্রিল কাটা। পরে স্থানীয়দের সহায়তায় ওই জানালার গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে ফ্ল্যাটের দরজা খুলে দিয়ে তিনি দেখেন, ঘরের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং আলমারি ভাঙা। আলমারিটির ভেতরে রাখা ৮ ভরি স্বর্ণালংকার আর নগদ ৫০ লাখ টাকাও নেই।

 

সুখন চৌধুরী জানান, একটি ডাইং কারখানা করার জন্য গ্রামের বাড়ির জমি বিক্রি করে ৫০ লাখ টাকা এনে বাসায় রেখেছিলেন। কারখানা কেনার কথাবার্তাও ফাইনাল হয়ে গিয়েছিল। স্ত্রীর গহনাগুলোও সেখানে ছিল। গত ছয় দিন তারা বাসায় না থাকার সুযোগে এর মধ্যেই কোনো এক সময় চোরেরা এসব চুরি করে নিয়ে গেছে। একটা ডাইং করার সারা জীবনের স্বপ্নটা চুরি করে নিয়ে গেছে তারা।

 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যারা এই ঘটনায় সরাসরি জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন