খেলাধুলা, অন্যান্য খেলা
থাপ্পড় মারাই এখন কোটি টাকার খেলা! বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘স্ল্যাপ ফাইটিং’

সাধারণত আমরা জানি কাউকে থাপ্পড় মারা চরম অপমানজনক বা ফৌজদারি অপরাধ। কিন্তু এই থাপ্পড় মারাই যদি হয় প্রাতিষ্ঠানিক কোনো খেলা এবং এর জন্য যদি থাকে লাখ লাখ টাকার প্রাইজমানি, তবে কেমন শোনায়? অবাক শোনালেও সত্যি-বিশ্বের ক্রীড়াঙ্গনে এখন আনুষ্ঠানিকভাবে ঝড় তুলেছে ‘স্ল্যাপ ফাইটিং’ (Slap Fighting) নামের এক অদ্ভুত ও রোমাঞ্চকর পেশাদার খেলা!
শুরুতে রাশিয়া ও পূর্ব ইউরোপের কিছু আন্ডারগ্রাউন্ড আসরে এটি প্রচলিত থাকলেও, ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বড় মিক্সড মার্শাল আর্ট সংস্থা ইউএফসি (UFC)-এর প্রেসিডেন্ট ডানা হোয়াইট এটিকে আন্তর্জাতিক পেশাদার রূপ দেন। তিনি গড়ে তোলেন ‘পাওয়ার স্ল্যাপ’ (Power Slap) নামের অফিশিয়াল লিগ, যা যুক্তরাষ্ট্রের নেভাদা অ্যাথলেটিক কমিশনের পূর্ণ স্বীকৃতিপ্রাপ্ত।
খেলার নিয়মকানুন খুবই নির্দিষ্ট ও কড়া। বক্সিং রিংয়ের মতো এখানেও নির্দিষ্ট ওজনের ক্যাটাগরি এবং রাউন্ড থাকে (সাধারণত ৩ থেকে ৫ রাউন্ড)। দুই প্রতিযোগী একটি টেবিলের দুপাশে মুখোমুখি দাঁড়ান। টসের মাধ্যমে নির্ধারণ হয় কে প্রথম আঘাত করবেন। এরপর প্রতিযোগী ৩০ সেকেন্ড সময় পান নিজেকে প্রস্তুত করতে এবং প্রতিপক্ষের গালে সর্বশক্তিতে খালি হাতে একটি থাপ্পড় মারেন।
এই খেলার সবচেয়ে অবিশ্বাস্য নিয়ম হলো-আঘাত যে গ্রহণ করবে, সে কোনো অবস্থাতেই নিজেকে বাঁচাতে পারবে না। অর্থাৎ হাত দিয়ে ঠেকানো, মাথা নাড়ানো, কাঁধ উঁচু করা বা পিছু হটা সম্পূর্ণ নিষিদ্ধ; হাত রাখতে হয় পেছনে বা বেল্ট ধরে। কোনো প্রতিযোগী আত্মরক্ষার চেষ্টা করলে তাকে ‘ফাউল’ ধরা হয়।
আঘাত খেয়ে মাটিতে পড়ে গেলে রেফারির ১০ সেকেন্ডের কাউন্টের মধ্যে উঠে দাঁড়াতে হয়। নকআউট না হলে বিচারকরা আঘাতের তীব্রতা ও ক্ষমার ওপর ভিত্তি করে পয়েন্ট দিয়ে বিজয়ী নির্ধারণ করেন। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চরম আলোচিত ও রোমাঞ্চকর এই খেলাটি বর্তমানে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের কাছে বিপুল উন্মাদনা তৈরি করেছে।
ডিবিসি/এসএফএল