আন্তর্জাতিক
ইরানে গ্রেপ্তার দুই গুপ্তচরের কাছে মিলল ১০টি স্টারলিংক ডিভাইস

ইরাণের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সদস্য এবং ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্সের কমান্ডোদের যৌথ ও সার্বক্ষণিক অভিযানের পর তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
অভিযান পরিচালনাকালে নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযুক্তদের কাছ থেকে ১০টি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস, ১০টি একে-৪৭ রাইফেল এবং পিস্তল ও জি-৩ রাইফেলের ৫ হাজার ২০০ রাউন্ড গুলি জব্দ করে।
কর্মকর্তারা জানান, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করা, তাদের অপতৎপরতা নস্যাৎ করা এবং দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো পদক্ষেপ প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই যৌথ অপারেশন চালানো হয়।
ডিবিসি/এসডব্লিউএন