খেলাধুলা, ফুটবল
ম্যাচ চলাকালে ফোন ব্যবহার না করলেই পুরস্কার জেতার সুযোগ দেবে ডর্টমুন্ড

ফুটবল ম্যাচ চলাকালে সমর্থকদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। গ্যালারিতে বসে ফোন ব্যবহার না করে খেলা উপভোগ করলে এবার পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন সমর্থকরা।
ক্লাবটির অফিশিয়াল অ্যাপে নতুন একটি ফিচার চালু করা হয়েছে, যার নাম ‘ফ্যান মোড’। এই সুবিধার মাধ্যমে ম্যাচ চলাকালে সমর্থকরা যতক্ষণ নিজেদের মোবাইল ফোন লক করে রাখবেন, ততক্ষণ প্রতি মিনিটের জন্য পয়েন্ট অর্জন করবেন।
নিয়ম অনুযায়ী, প্রথমে সমর্থকদের অ্যাপে ফ্যান মোড চালু করতে হবে। এরপর মোবাইলের স্ক্রিন লক করে রাখতে হবে। ম্যাচ চলাকালে ফোন আনলক না করলে প্রতি মিনিটে তাদের অ্যাকাউন্টে পয়েন্ট জমা হতে থাকবে। তবে বিরতির সময় ফোন ব্যবহারের সুযোগ থাকবে। দ্বিতীয়ার্ধ শুরু হলে আবার ফ্যান মোড চালু করে ফোন লক করতে হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য সমর্থকদের মাঠের খেলার প্রতি আরও মনোযোগী করা এবং গ্যালারির পরিবেশকে প্রাণবন্ত করে তোলা। ক্লাব কর্তৃপক্ষ চায়, দর্শকরা মোবাইলের পর্দায় ব্যস্ত না থেকে সরাসরি ম্যাচের উত্তেজনা, আনন্দ ও আবেগ উপভোগ করুন।
এ বিষয়ে বরুসিয়া ডর্টমুন্ডের প্রধান নির্বাহী কারস্টেন ক্রেমার বলেন, ‘স্টেডিয়ামে ৮১ হাজারের বেশি মানুষ একসঙ্গে গান গাইছেন, উল্লাস করছেন এবং উত্তেজনায় নিঃশ্বাস আটকে রাখছেন-এই মুহূর্তের কোনো বিকল্প নেই। আর ঠিক এই অভিজ্ঞতাকেই আমরা সবার সামনে তুলে ধরতে চাই।’
ডর্টমুন্ডের এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মাঠের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার একটি প্রচেষ্টা। মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে সমর্থকদের সরাসরি খেলার আনন্দে ফিরিয়ে আনাই ক্লাবটির প্রধান উদ্দেশ্য।
ডিবিসি/ আরএফই