সারা বাংলা
শেরপুরে অধিক লাভের লোভ দেখিয়ে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

ব্যবসার নামে অধিক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী (২৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ অক্টোবর শনিবার রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড়া মহল্লায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রমজান আলী শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা, ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অধিক লাভের লোভ দেখিয়ে প্রায় ২৫ কোটি টাকা সংগ্রহ করেন। এরপর থেকে তিনি টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছিলেন।
এদিকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বহু ভুক্তভোগী শেরপুর সদর থানায় ভিড় করছেন এবং তাদের পাওনা টাকা ফেরতের দাবি জানাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, রমজান আলীর কাছে পাওনা টাকা উদ্ধার করতে না পারলে তাদের অনেকেই সর্বস্বান্ত হয়ে পথে বসবেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, রমজান আলীকে আটকের পর থেকেই সাধারণ মানুষ থানায় এসে টাকা পাওনা থাকার অভিযোগ করছেন। এখন পর্যন্ত এ ঘটনায় ১১টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।