জাতীয়
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আগামীকাল ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সফরকালে ২৭ অক্টোবর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরসূচিতে টয়োটা কারখানা, চিবার ফুতসুতে জেরার এলএনজি টার্মিনাল পরিদর্শন এবং জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল ও শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো মেগা প্রকল্পে জাপানের অবদান অপরিসীম। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, কেবল ঋণনির্ভর সহায়তার গণ্ডি পেরিয়ে টোকিও এখন বাণিজ্যিক অংশীদারত্ব এবং সরকারি-বেসরকারি বিনিয়োগের (পিপিপি) ওপর জোর দিচ্ছে। সম্প্রতি চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পর দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের এই নতুন মোড় আরও স্পষ্ট হয়ে উঠেছে।
জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার তথ্য অনুযায়ী, দেশটির বেসরকারি খাত আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় এক ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৭৭ হাজার কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা করছে, যার বড় অংশই থাকবে উৎপাদন ও জ্বালানি খাতে। এর মধ্যে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগে বাংলাদেশে অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে, যা স্থানীয় শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি শিল্প খাতের গ্যাস-সংকট মেটাতে জাপানের বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান 'জেরা' মহেশখালী-মাতারবাড়ী এলাকায় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের শিল্প ও বিদ্যুৎ খাতের বড় ধরনের অগ্রগতি হবে।
ডিবিসি/এফএইচআর