আন্তর্জাতিক
ফ্রান্সে লাখ লাখ মানুষের বিক্ষোভ, পথে পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ

জীবনযাত্রার অনিয়ন্ত্রিত ব্যয় বৃদ্ধির প্রতিবাদে তীব্র গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজপথ। আন্দোলন দমনে সরকারের পক্ষ থেকে সারাদেশে অন্তত ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হলেও তা উপেক্ষা করে শনিবার রাজপথে নেমে আসেন চার লাখ ১০ হাজারেরও বেশি ক্ষুব্ধ নাগরিক।
কেবল রাজধানী প্যারিসেই এক লাখ ১০ হাজারের বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নেন। তবে দেশটির অন্যতম বড় শ্রমিক সংগঠন সিজিটি (CGT)-র দাবি, প্রকৃত আন্দোলনকারীর সংখ্যা সরকারের দেওয়া হিসাবের প্রায় দ্বিগুণ।
দিনভর শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও রাতের দিকে রাজধানী প্যারিসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। মিছিলের নির্দিষ্ট রুট নিষিদ্ধ করা এবং আন্দোলনকারীদের শহরের একপ্রান্তে ঠেলে দেওয়ার চেষ্টার অভিযোগে শিক্ষার্থীরাসহ আরও সাধারণ মানুষ রাজপথে নেমে এলে ক্ষোভ চরম রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সহিংসতা এড়াতে আগে থেকেই ল্যুভর ও ওরসে মিউজিয়ামসহ প্রধান প্রধান সাংস্কৃতিক কেন্দ্র, অন্তত ২৪টি মেট্রো স্টেশন এবং বিলাসবহুল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়।
সারাদেশে বিক্ষোভ কেন্দ্রিক সহিংসতার অভিযোগে অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করার কথা জানিয়েছে ফরাসি পুলিশ। এর আগে ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে রাজপথে নেমে ফ্রান্স কাঁপানো বিখ্যাত ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা আগামী ৩১ অক্টোবর ফের নতুন বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, যা দেশটির সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিসি/এফএইচআর