সারা বাংলা
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম রঞ্জু (৪০) এবং তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তার। ঘটনার সময় তাঁরা দুজনেই একটি অটোভ্যানের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাছবোঝাই একটি পিকআপ গেড়াখোলা ব্রিজ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ বর্তমানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।