সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জে ভাড়া নিয়ে বিবাদে দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ
.webp)
চাঁপাইনবাবগঞ্জে ভাড়াটিয়ার দোকানের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দোকানের মূল মালিকের বিরুদ্ধে।
তবে এই অভিযোগ অস্বীকার করে দোকান মালিক দাবি করেছেন, ৬ বছর ধরে ভাড়া না দেওয়ার কারণে দোকানটি দখলমুক্ত করা হয়েছে। কোনো মালামাল লুট করা হয়নি। মালামালগুলো যত্নে রাখা হয়েছে এবং তা ভাড়টিয়াকে বুঝিয়ে দেওয়া হবে।
রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের ৬ নম্বর দোকান ‘টাঙ্গাইল শাড়ি ঘরে’ এই ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নিউ মার্কেটের ৬ নম্বর দোকান ঘরটির মূল মালিক শফিউল আলমের কাছ থেকে মাসিক ২৮ হাজার টাকায় ভাড়া নেন টাঙ্গাইল শাড়ি ঘরের মালিক আবু তাহের। কিন্তু ২০২০ সালে করোনার সময় ভাড়া বকেয়া পড়ে যাওয়ায় পরে মালিক আর ভাড়া গ্রহণ করেননি। ফলে ভাড়ার টাকা আদালতে জমা দিয়ে আসছেন ভাড়টিয়া।
এদিকে আজ দোকানটির মূল মালিক তালা ভেঙে মালামাল নিয়ে যায় এবং আসবাবপত্র ভাঙচুর করে। এ বিষয়ে দোকান মালিকের অংশীদার সাদেকুল ইমাম বলেন, ৬ বছর ধরে ভাড়া না দিয়ে দোকানটি দখল করে রাখার জন্য তা আজ দখলমুক্ত করা হয়েছে। তবে মালামাল নিরাপদে রাখা হয়েছে এবং তা ভাড়টিয়াকে ফিরিয়ে দেওয়া হবে। এ নিয়ে একাধিকবার সালিশে বসেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানান তিনি।
অপরদিকে ভাড়টিয়ার ছোটভাই আব্দুল বারী বলেন, করোনার সময় মাত্র ৩ মাসের ভাড়া বকেয়া থাকায় পরে তা দিতে গেলে মালিক তা নিতে অস্বীকার করে। তার ফলে ভাড়া আদালতে জমা দেওয়া হচ্ছে। এ নিয়ে আদালতের নিষেধাজ্ঞা আছে বলেও দাবি করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ শাহীন আকন্দ জানান, দীর্ঘদিন ধরে মালিক-ভাড়টিয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এসডব্লিউএন