আন্তর্জাতিক, আমেরিকা
যুক্তরাষ্ট্রের ঘটনা
গাড়িতে বন্দুক রেখে বার্গার কিনতে ব্যস্ত বাবা, খেলতে গিয়ে গুলিতে প্রাণ গেল শিশুর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাবার বন্দুকের গুলিতে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বার্টো শহরের একটি বার্গার কিং রেস্তোরাঁর পার্কিংয়ে গাড়ির ভেতরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটি বন্দুকটি হাতে নিয়ে খেলতে গিয়ে নিজের মুখে গুলি করে।
পোল্ক কাউন্টির শেরিফ জাড গ্র্যাডি জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটের দিকে বাবা ও ছেলে ভ্যান ফ্লিট ড্রাইভের ওই রেস্তোরাঁয় যান। খাবারের দাম পরিশোধের সময় বাবার ক্রেডিট কার্ডে সমস্যা দেখা দেয়। পরে তিনি গাড়িটি পার্কিংয়ে দাঁড় করিয়ে কার্ডের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন।
শেরিফের ভাষ্য অনুযায়ী, কোমরে রাখা বন্দুকটি অস্বস্তিকর লাগায় বাবা সেটি খুলে রাখেন। এ সময় তিনি কার্ডের সমস্যা নিয়ে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ গুলির শব্দ শুনতে পান। পুলিশের ধারণা, বন্দুকটি কোথায় রেখেছিলেন, তা মনে করতে পারছেন না বাবা। ওই সুযোগে শিশুটি বন্দুকটি হাতে নিয়ে গুলি চালিয়ে দেয়। গাড়ির ছাদেও একটি গুলির ছিদ্র পাওয়া গেছে।
পরে শিশুটিকে দ্রুত লেকল্যান্ড রিজিওনাল হেলথ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
শেরিফ ঘটনাটিকে ‘ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেন। বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বার্টো পুলিশ বিভাগ ও শেরিফের কার্যালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্টেট অ্যাটর্নির কার্যালয়।
ডিবিসি/এসএফএল