সারা বাংলা
জামালপুরে ধর্ষণ মামলায় মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মক্তবের এক ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্মীয় শিক্ষক ইমাম মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১। একই সাথে অভিযুক্ত আসামিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব পরিচালিত হয়। পার্শ্ববর্তী জেলা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মুছা মিয়া মসজিদের মক্তবটি পরিচালনা করতেন।
তিনি জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর ওই মক্তবের ছাত্রী স্থানীয় এক কিশোরীকে (১৫) মসজিদের ভেতরে কৌশলে ধর্ষণ করেন ইমাম মুছা মিয়া। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামির উপস্থিতিতে রবিবার রায় ঘোষণা করা হয়।
এ সময় ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুর রহিম মামলায় অভিযুক্ত আসামি মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন।
ডিবিসি/এসডব্লিউএন