খেলাধুলা, ক্রিকেট
নাঈম শেখ ২৮২, মাহফিজুল রবিন ২১৭*

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। ভিন্ন দুই ম্যাচে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছেন দুজনই। ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ২৮২ রানে থামতে হয়েছে নাঈমকে। অন্যদিকে ২১৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রবিন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন ঢাকা বিভাগের নাঈম। তবে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে শেষ হয় তার দাপুটে ইনিংস। সাজঘরে ফেরার আগে ৩৬৯ বল মোকাবিলায় ২১টি চার ও ৭টি ছক্কায় করেন ২৮২ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই নাঈমের ক্যারিয়ারসেরা ইনিংস। এর আগে ছয়টি সেঞ্চুরি করলেও তার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৮০ রান। এবার সেই রেকর্ড ভেঙে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার। চলতি আসরে দুর্দান্ত ছন্দে থাকা নাঈম ৬ ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরিসহ করেছেন ৫৬১ রান।
এদিকে চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ময়মনসিংহ বিভাগের ওপেনার মাহফিজুল ইসলাম রবিনও। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন ২১৭ রানে। তার ৩৫১ বলের ইনিংসটি সাজানো ছিল ২০টি চার ও ২টি ছক্কায়। রবিনকে অপরাজিত রেখেই ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ বিভাগ।
চলতি জাতীয় ক্রিকেট লিগে রবিনেরও এটি তৃতীয় শতরানের ইনিংস। আগের দুই সেঞ্চুরিকে বড় ইনিংসে রূপ দিতে না পারলেও এবার সেই আক্ষেপ ঘুচিয়েছেন তিনি। প্রথমবারের মতো দ্বিশতকের গণ্ডি পেরিয়ে গড়েছেন ব্যক্তিগত নতুন মাইলফলক।
এবারের আসরে ধারাবাহিকতার দিক থেকেও উজ্জ্বল রবিন। এখন পর্যন্ত ১০২.৮৩ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৬১৭ রান। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে নাঈম ও রবিনের জোড়া ডাবল সেঞ্চুরি তাই হয়ে থাকল আলোচিত দুই ব্যাটিং পারফরম্যান্স।
ডিবিসি/ আরএফই