সারা বাংলা
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা, থাকছে দৈনিক ৩৫০০ জনের সীমা

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটিতে যাতায়াত করতে পারবেন। তবে সেন্টমার্টিনের পরিবেশ সংরক্ষণে দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ জন পর্যটক যাতায়াতের সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার।
রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, দ্বীপটিতে অনুমোদিত জাহাজ চলাচল অব্যাহত থাকবে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিআইডব্লিউটিএ কিংবা নৌপরিবহন অধিদফতর কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। পাশাপাশি দ্বীপে যাতায়াতকারী প্রতিটি পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে, যা আদায় ও প্রয়োজনীয় পরিবেশগত ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে পরিবেশ অধিদপ্তর।
গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা আগের নির্দেশনার অন্যান্য নিয়মাবলীও বহাল থাকবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/আরএসএল