আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
মোদির ছবি নিয়ে কালোজাদুর অভিযোগ, থানায় মামলা

ভারতের উত্তর প্রদেশের মৌ জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবির পাশে তন্ত্রমন্ত্রের কাজে ব্যবহৃত হতে পারে-এমন কিছু সামগ্রী রাখার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) পুলিশ জানায়, জেলার দোহরিঘাট থানায় এ মামলা করা হয়েছে। সরযূ নদীর তীরে মুক্তিধাম শ্মশানঘাটের কাছে মোদির ছবিটির পাশে সূচ ফোটানো লেবু ও লাল সুতা বাঁধা নারকেল পাওয়া যায়। এসব সামগ্রী তন্ত্রমন্ত্রের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে কে বা কারা সেখানে প্রধানমন্ত্রীর ছবি ও সামগ্রীগুলো রেখেছে, কী উদ্দেশ্যে রেখেছে-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ভারতের ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫৩(২) ধারায় মামলা করা হয়েছে। এ ধারায় বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, শত্রুতা কিংবা অসদ্ভাব সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বক্তব্য, গুজব বা আতঙ্ক সৃষ্টিকারী তথ্য তৈরি, প্রকাশ কিংবা প্রচারের বিষয়টি অন্তর্ভুক্ত।
ঘোসি এলাকার সার্কেল কর্মকর্তা সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আপাতত এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য জানা যায়নি।
সূত্র: ইটিভি ভারত
ডিবিসি/এসএফএল