সারা বাংলা
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেলো বাইসাইকেল

নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, নারী শিক্ষার প্রসার এবং ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বগুড়ায় ৫৪৮ জন মেধাবী নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এ বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জানান, নারী শিক্ষার বিস্তার ও সুরক্ষায় পর্যায়ক্রমে সারাদেশেই এভাবে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, যাতায়াতের সুবিধার অভাবে অনেক সময় ছাত্রীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসা বাধাগ্রস্ত হয়। এই বাইসাইকেল তাদের যাতায়াত সহজ করার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে এবং বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ভূমিকা রাখবে। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে দেওয়া এই উপহার শিক্ষার্থীদের চলার পথের সঙ্গী হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাউকে মনোনয়ন দেবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আব্দুস সালাম নির্বাচনে অংশ নিলে তাকে সমর্থন দেওয়ার কথা তিনি বলেছিলেন, মনোনয়ন দেওয়ার বিষয়টি ছিল না।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিনসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ডিবিসি/আরএসএল