বাংলাদেশ, সারা বাংলা
জামালপুরে ভারতীয় মদ উদ্ধার, ইউনিয়ন ছাত্রদলের নেতাসহ ৫ জন আটক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় ছাত্রদল নেতাসহ ৫ জনকে আটক করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ডিবি-১ বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। এ সময় ২শ’ ১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়াও একটি ১৫০ সিসি সুজুকী মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়(২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া(৩৭), একই গ্রামের মোঃ সিফাত(২০), গাজীপুরের মোঃ রুবেল মিয়া(২৭), নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মোঃ ফুরকান হোসেন(১৯)।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবেনা। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/ আরএফই