সারা বাংলা
পরিবহন মালিকদের দ্বন্দ্বে মহাখালী-কিশোরগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

নতুন বাস যুক্ত করা নিয়ে পরিবহন মালিকদের বিরোধের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ ও ঢাকার দুই টার্মিনালে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা।
শনিবার দুপুর ১২টায় ঢাকা থেকে এবং বিকেল পাঁচটায় কিশোরগঞ্জ থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরিবহন মালিকদের একটি সূত্র জানিয়েছে, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নয়নে পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনায় তারাও সম্মতি দেন। পরে কিশোরগঞ্জের মালিকেরা পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালু করলেও ঢাকার মালিকেরা পুরোনো বাস পরিবর্তন করেননি। উল্টো এ রুটে আরও দুটি বাস যুক্ত করেন তারা।
কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল আলম জোসেফ বলেন, ঢাকা থেকে অনন্যা পরিবহনের নতুন দুটি বাস যুক্ত করা নিয়ে মালিকদের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই তারা বাস দুটি নামিয়ে দেন। নিয়মকানুন না মেনে একতরফাভাবে বাস চালুর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুই পক্ষের মধ্যে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে ঢাকায় কাউন্টার বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
এ সিদ্ধান্তের ফলে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্লাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
ডিবিসি/এসডব্লিউএন