আন্তর্জাতিক, আরব
সংযুক্ত আরব আমিরাতে
১৬ কেজির স্বর্ণের কানের দুল, গিনেসের স্বীকৃতি

বিশাল আকৃতির এক জোড়া সোনার ঝুমকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি বিশ্বরেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ২২ ক্যারেট সোনায় তৈরি ঝুমকা দুটিকে বিশ্বের সবচেয়ে ভারী এবং সবচেয়ে বড় সোনার কানের দুলের জোড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
জুয়েলারি প্রতিষ্ঠান জুয়ালুক্কাসের তৈরি এই অলংকারের নাম ‘ময়ূরা সহস্র’, যার অর্থ ‘হাজার ময়ূর’। ঝুমকা দুটির সম্মিলিত নিট সোনার ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি। আগের বিশ্বরেকর্ডের তুলনায় এটি পাঁচ গুণেরও বেশি ভারী।
গত ২৪ অক্টোবর দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে অবস্থিত জুয়ালুক্কাসের ‘জুয়েল অব জয়’ শোরুমে ঝুমকা দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা।
ঝুমকা দুটির দৈর্ঘ্য ১ দশমিক ২১৫ মিটার এবং ব্যাস ০ দশমিক ৬৮২ মিটার। কয়েক মাস ধরে ৫৫ জন দক্ষ কারিগর মোট ৫ হাজার ৮৪০ ঘণ্টা কাজ করে অলংকার দুটি তৈরি করেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন পল আলুক্কাস বলেন, দুবাইয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির চার দশকের সম্পর্ক এবং শহরটির অর্জনগুলো থেকে অনুপ্রাণিত হয়েই এই ব্যতিক্রমী অলংকার তৈরির উদ্যোগ নেওয়া হয়।
ময়ূরের পালকের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি ঝুমকা দুটি দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ঘণ্টাকৃতির কানের দুলের নকশা অনুসরণ করেছে। অলংকার দুটি দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের জুয়েল অব জয় শোরুমে স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা মূল্যে এগুলো দেখতে পারবেন।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/এসএফএল