আন্তর্জাতিক, ভারত
ভারতে চাচার বাড়ি থেকে স্বর্ণ চুরি করে গাড়ি কিনে গ্রেপ্তার তরুণ

ভারতে মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় এক ১৯ বছর বয়সী তরুণ তার চাচার বাড়ি থেকে ১৫ তোলা (প্রায় ১৭৪.৯৬ গ্রাম) সোনার গহনা চুরি করে একটি নতুন মাহিন্দ্রা থার গাড়ি কেনার জন্য তা ১০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গাড়িটি কেনার পর ভুক্তভোগী ওই চাচাকে ডেকে নিজের নতুন গাড়ির পুজোও করান অভিযুক্ত তরুণ। ঘটনাটি ঘটেছে কোলহাপুর জেলার পানহালা তহসিলের সতভে গ্রামে।
অভিযুক্ত তরুণের নাম সমর চ্যবন, যিনি তার চাচা উমেশ মারুতি চ্যবনের বাড়ির পাশেই থাকেন।
অভিযোগ অনুযায়ী, প্রায় এক মাস আগে উমেশ চ্যবনের বাড়ি থেকে ১৫ তোলা সোনার গহনা চুরি করেন সমর। স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ী সংগ্রাম বাবাসো মোড়ের সাহায্যে তিনি গহনাগুলো ১০ লাখ টাকায় বিক্রি করে দেন বলে জানা গেছে। পরবর্তীতে সেই টাকা দিয়ে তিনি একটি নতুন মাহিন্দ্রা থার গাড়ি কেনেন।
নতুন গাড়িটি ঘরে আনার পর সমর তার চাচা উমেশ চ্যবনকে এর পুজো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তবে, অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিতে গিয়ে উমেশ যখন পরার জন্য গহনা খুঁজতে যান, তখন তিনি দেখতে পান তার অলঙ্কারগুলো নিখোঁজ।
সন্দেহের মাত্রা আরও বাড়িয়ে দেয় একটি বিষয়- উমেশের ঠাকুমার গহনাগুলো ঠিক পাশেই রাখা থাকলেও সেগুলোতে হাত দেওয়া হয়নি। শুধু উমেশ ও তার স্ত্রীর গহনাই গায়েব হয়ে গিয়েছিল।
এই বিষয়টি দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়, চুরির নেপথ্যে চেনা কেউ বা পরিবারের ভেতরেরই কোনো সদস্য জড়িত থাকতে পারে।
দুই দিন আগে উমেশ চ্যবন গহনা নিখোঁজের বিষয়ে কোডোলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্ত চলাকালে পুলিশের নজর যায় সমরের হঠাৎ নতুন গাড়ি কেনা এবং সেই গাড়ির টাকা তিনি কীভাবে জোগাড় করলেন তার ওপর। পুলিশ তদন্তের জাল গুটিয়ে আনলে একপর্যায়ে সমর চুরির কথা স্বীকার করেন বলে জানা গেছে।
স্বীকারোক্তির পর কোডোলি থানা পুলিশ সমর চ্যবন এবং স্বর্ণ ব্যবসায়ী সংগ্রাম মোড়কে নিজেদের হেফাজতে নেয়।
ডিবিসি/এসডব্লিউএন