ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের ঘটনা

দুই মাসের ভাড়া না পেয়ে বাসার তালা ভাঙলেন মালিক, ভেতরে মিলল জালনোটের কারখানা

দুই মাসের ভাড়া না পেয়ে বাসার তালা ভাঙলেন মালিক, ভেতরে মিলল জালনোটের কারখানা
ভারতের ঘটনা

দুই মাসের ভাড়া না পেয়ে বাসার তালা ভাঙলেন মালিক, ভেতরে মিলল জালনোটের কারখানা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে অক্টোবর ২০২৬ ০৬:২৭:২৯ অপরাহ্ন

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে বাড়িভাড়া না দেওয়া এবং বাসা ছাড়তে অস্বীকৃতি জানানোর ঘটনায় এক ভাড়াটিয়ার বাসায় অভিযান চালিয়ে ৩৭ লাখ রুপির বেশি মূল্যের জাল নোট জব্দ করেছে পুলিশ। শনিবার ওয়াথোদা এলাকার চৈতন্য নগরের থ্রি স্টার সোসাইটির একটি ভাড়া বাসা থেকে পাঁচ শ রুপির ১ হাজার ৬০০টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় জাল নোট তৈরির চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভাড়াটিয়া পুষ্পম ভান্ডানে (২৯) গত বছরের ২৬ সেপ্টেম্বর বাসাটি ভাড়া নেন। তিনি নিজেকে নাগপুরের ত্রিমূর্তি নগরের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। তবে দুই মাসের বাড়িভাড়া পরিশোধ না করায় এবং বাসা ছাড়তে অস্বীকৃতি জানানোয় বাড়ির মালিক রমেশ হার্দে পুলিশের কাছে অভিযোগ করেন।


অভিযোগের ভিত্তিতে পুলিশ বাসাটিতে গেলে দরজা বন্ধ দেখতে পায়। ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অল্প সময় কথা বলার পর তার মুঠোফোন বন্ধ হয়ে যায়। পরে বাড়ির মালিক মাস্টার চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে একটি প্রিন্টার, ল্যাপটপ, বিপুল পরিমাণ জাল নোট এবং এ ফোর আকারের কিছু কাগজ পাওয়া যায়।


ঘটনার গুরুত্ব বিবেচনায় মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) এবং রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে যুক্ত হয়েছে। জাল নোট তৈরির সরঞ্জাম, নোটগুলোর উৎস এবং কোথায় সেগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


পুলিশ আরও যাচাই করছে, অভিযুক্তের প্রকৃত পরিচয় পুষ্পম ভান্ডানে কি না এবং ভাড়ার চুক্তিতে দেওয়া পরিচয়পত্র ও অন্যান্য নথি আসল কি না।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন