ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায়, তাহলে কোনো কিছুরই আর মূল্য থাকবে না: বেনিয়ামিন নেতানিয়াহু

ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায়, তাহলে কোনো কিছুরই আর মূল্য থাকবে না: বেনিয়ামিন নেতানিয়াহু

আন্তর্জাতিক

ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায়, তাহলে কোনো কিছুরই আর মূল্য থাকবে না: বেনিয়ামিন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ইসরায়েলের আগামী নির্বাচনের মাত্র দুই দিন আগে নতুন বিতর্ক উসকে দিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তেল আবিবে পারমাণবিক হামলার একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) তৈরি ছবি প্রকাশ করে তিনি দাবি করেছেন, ইরানকে মোকাবেলা করতে না পারলে ইসরায়েলিরা ‘দ্বিতীয় গণহত্যার’ (সেকেন্ড হোলোকস্ট) ঝুঁকিতে পড়বে।

ডানপন্থী রাজনৈতিক বিশ্লেষক ইউভাল ব্লুমবার্গের একটি সতর্কবার্তার বরাত দিয়ে নেতানিয়াহু পোস্টে লেখেন, ইসরায়েল এখন একটি ‘বাস্তব ও সুনির্দিষ্ট অস্তিত্ব সংকটের’ মুখোমুখি। তিনি লেখেন, ‘ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায়, তাহলে অন্য কোনো কিছুরই আর কোনো মূল্য থাকবে না।’ কাতারগেট কেলেঙ্কারি কিংবা অতি-অর্থোডক্সদের সেনাবাহিনীতে নিয়োগ না দেওয়ার মতো সরকারের চলমান বিতর্কগুলোকে একটি ‘বিশাল ধোঁয়াশা’ হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘যদি মধ্য ইসরায়েলে দুটি পারমাণবিক বোমা এসে পড়ে, তখন এসব অর্থহীন বিতর্ক নিয়ে কার কী আসে যায়?’


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের এই সীমিত সময়ই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য শেষ সুযোগ। নেতানিয়াহুর মতে, ‘আমরা যদি এই ঐতিহাসিক সুযোগটি হাতছাড়া করি, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না।’ অন্য কোনো নেতা ইরানকে মোকাবেলায় সক্ষম নন দাবি করে ভোটারদের সতর্ক করে তিনি জানান, ভুল সিদ্ধান্ত তাদের পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।


তবে সমালোচকদের একাংশের ধারণা, আগামী ২৭ অক্টোবরের নির্বাচন পেছাতে বা ভোটাধিকারকে প্রভাবিত করতে ইরানের সাথে যুদ্ধ পুনরায় শুরু করার চেষ্টা করছেন নেতানিয়াহু। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি এক গোপন বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির জানিয়েছেন, নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর মতো কোনো সামরিক প্রয়োজন তিনি দেখছেন না।


এদিকে নেতানিয়াহুর এই পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তার ওপর ক্ষোভ ঝেড়েছেন ইয়াশার দলের চেয়ারম্যান গাডি আইজেনকোট। এক পোস্টে তিনি লেখেন, ‘নেতানিয়াহু, আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। প্রতিটি নির্বাচনের আগেই আপনার একই পদ্ধতি- মিথ্যা বলা ও ভয় দেখানো। এবার আপনি গণ ধ্বংসের ভয় দেখিয়ে ইসরায়েলি নাগরিকদের হুমকি দিচ্ছেন। অথচ ইরানে যুদ্ধের লক্ষ্য অর্জনে আপনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আপনি ব্যর্থ হয়েছেন। আগামী দুই দিন পর ইসরায়েলের জনগণ ব্যালট বাক্সে আপনাকে সেই উত্তর দিয়ে দেবে।’


একই ইস্যুতে ডেমোক্র্যাটসের চেয়ারম্যান ইয়ার গোলান সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘হালনাগাদ তথ্য: ইসরায়েলের প্রধানমন্ত্রী তেল আবিবের ওপর পারমাণবিক বোমার একটি ছবি প্রকাশ করেছেন।’ কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করছি তাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা হোক। লোকটা এবং তার কাছের মানুষেরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। চাপ বাড়ছে।’ আগামী মঙ্গলবার যারা প্যানিক ছড়াচ্ছে তাদের বিদায় দিয়ে ইসরায়েলে নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কথা বলেন তিনি।


সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন